রাজীব দে ঢাকা:
দেশের চিকিৎসা সেবার অন্যতম কেন্দ্রবিন্দু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এ বছর ‘স্বাধীনতা পদক’-এর জন্য মনোনীত হয়েছে। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার।
ঢাকা মেডিকেল কলেজ মিলন অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৫ মার্চ, ২০২৬) হাসপাতালের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এই সুসংবাদটি জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বর্তমান সরকার দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি চিকিৎসকদের পেশাদারিত্ব বজায় রেখে সেবার মান বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন ঢামেক হাসপাতালের দীর্ঘদিনের ঐতিহ্য ও চিকিৎসা সেবায় প্রতিষ্ঠানের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, “ঢাকা মেডিকেল কলেজ হলো বাংলাদেশের স্বাস্থ্য সেবার কেন্দ্রবিন্দু। এই প্রতিষ্ঠানের সেবার মান উন্নত হলে সাধারণ মানুষের আস্থা ও স্বস্তি বহুগুণ বেড়ে যায়।”
আলোচনা সভায় বক্তারা ঢাকা মেডিকেল কলেজের সেবার মানোন্নয়ন ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোকপাত করেন।
১২০ বছরের পুরনো ভবনটি মূলতঃ হাসপাতাল হিসেবে নির্মিত না হওয়ায় সেবার পরিবেশে কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা দূর করতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
শূন্যপদগুলোতে দ্রুত জনবল নিয়োগ এবং সাপ্লাই চেইন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে রোগীরা নির্বিঘ্নে উন্নত সেবা পেতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক ও কর্মচারীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। চিকিৎসকদের সেবার মানোন্নয়নের মাধ্যমে একটি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মোঃ আজিম।আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শিপন মিয়া।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিচালক, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।