• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা-১৭ আসনে পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬
ঢাকা-১৭ আসনে পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাশিয়া। তারাও একই কেন্দ্রে ভোট দেন।

ভোট দেওয়া শেষে তারেক রহমান বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন। আজ সেই প্রত্যাশা পূরণের দিন। দেশের মানুষ ভোট দিলে যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।’

বিএনপির চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।

সারা দেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা তার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে।

ভোটার ও দলীয় নেতাকর্মীদের শেষপর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হবে।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে বিএনপির চেয়ারম্যান দৃঢ়তার সঙ্গে বলেন, আমি এবং আমার দল বিএনপি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান। তার ভাষায়, সাধারণ মানুষ যাতে দেশে নিরাপদ বোধ করেন, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।

নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নির্বাচনি ইশতেহার অনুযায়ী নারীর যথাযথ মূল্যায়ন ও ক্ষমতায়নের কাজ প্রথম দিন থেকেই শুরু করা হবে।

ভোটের পরিবেশ কেমন দেখছেন বা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করা সমীচীন হবে না। আরও কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর হয়তো বলতে পারব।

এ সময়ে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও স্থিতিশীল আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031