• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় ময়মনসিংহ থেকে একজনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৪
ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের ঘটনায় ময়মনসিংহ থেকে একজনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ

পুরানা পল্টনে ট্রাভেল এজেন্সির ৬০ লক্ষাধিক টাকা আত্মসাৎ ও সেই টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম নিকসন মিয়া (৪০)।

নিকসন মিয়াকে রোববার (০৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত সাড়ে বারো ঘটিকায় ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।

পল্টন থানা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৪ খ্রি. পুরানা পল্টনের আলগাজী ট্রাভেলসের কমিউনিকেশন ম্যানেজার মীর আহসান হাবিব (৪৪) এর অভিযোগের প্রেক্ষিতে পল্টন থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের মে মাসের এক তারিখ থেকে নিকসন মিয়া আলগাজী ট্রাভেলস অফিসের টিকেটের সেলসম্যান ও পরবর্তীতে টিকেটিং অফিসার হিসাবে নিয়োজিত ছিলেন। কর্মরত থাকাকালীন নিকসন মিয়ার কোম্পানীর টিকেট ইস্যুর দুটি আইডি ছিল। একটি আইডি কোম্পানীর নামে ও একটি তার নিজের নামে। উক্ত আইডি দিয়ে নিকসন মিয়া টিকেট ইস্যু করতো এবং ওটিপি নিকসন মিয়ার ই-মেইলে এবং কোম্পানীর ই-মেইলেও আসতো। নিকসন মিয়া টিকেট ইস্যুর পরে মেইল গুলো মুছে ফেলত। গত ১৫ অক্টোবর ২০২৪ নিকসন মিয়ার আচরনে সন্দেহ হলে কোম্পানীর হিসাব ও জাজিরা এয়ার লাইন্স থেকে নিকসন মিয়ার ইস্যুকৃত টিকেটের হিসাবের গড়মিল পাওয়া যায়। পরবর্তী সময়ে জাজিরা এয়ার লাইন্স থেকে হিসাব বিবরণী নিলে নিকসন মিয়ার ইস্যুকৃত টিকেটের মূল্য বাবদ ৬০ লক্ষ ৯৩ হাজার ৭২০ টাকার গড় মিল পাওয়া যায়। তখন নিকসন মিয়ার নিকট ইস্যুকৃত টিকেটের হিসাব চাইলে তিনি উপস্থিত অফিসের অন্যান্যদের সামনে স্বীকার করেন যে, গত ইং ২০/০৭/২০২২ তারিখ থেকে ১৫/১০/২০২৪ তারিখ পর্যন্ত তিনি ৬০ লক্ষ ৯৩ হাজার ৭২০ টাকা অফিসের অ্যাকাউন্টে জমা প্রদান না করে সেই টাকা দিয়ে কদমতলীর মুজাহিদ নগরে একটি ফ্ল্যাট ক্রয় করেছে। নিকসন মিয়া সেই টাকা ফেরত দেবে বলে কোম্পানীর নামে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, মতিঝিল, শাখার নামে তিন লক্ষ ও ১৬ লক্ষ ১৪ হাজার ৫৩৪ টাকার দুটি চেক প্রদান করে এবং বাকি টাকা কোম্পানীতে কাজ করে পর্যায়ক্রমে পরিশোধ করবে বলে জানায়। কিন্তু নিকসন মিয়া ২৪ অক্টোবর ২০২৪ তারিখ থেকে অফিসে আর আসেনি। নিকসন মিয়াকে অফিসে প্রদত্ত দুটি মোবাইলে ফোন করলেও তাকে পাওয়া যায়নি।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ০৩ নভেম্বর ২০২৪ খ্রি. রাত সাড়ে বারো ঘটিকায় ময়মনসিংহের গফরগাঁওয়ের শিলাসী নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নিকসন মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930