জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত ‘মেসার্স জুই এন্টারপ্রাইজ’ নামক প্রতিষ্ঠানে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ গ্রাহকদের মাঝে বিতরণের ব্যবস্থা করা হয়।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই পিটিআই মোড় এলাকায় মোটরসাইকেল চালকরা তেলের জন্য মেসার্স জুই এন্টারপ্রাইজের সামনে ভিড় করতে থাকেন। তবে প্রতিষ্ঠানটি থেকে চালকদের জানানো হয় যে তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ সৃষ্টি হলে এবং গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. সোহেল মাহমুদ ঘটনাস্থলে উপস্থিত হন।
পরবর্তীতে জুই এন্টারপ্রাইজ প্রাঙ্গণে সরেজমিনে তল্লাশি চালিয়ে ড্রামে লুকানো অবস্থায় প্রায় ২৫০০ লিটার পেট্রোলের অবৈধ মজুদ পাওয়া যায়। পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে বিক্রি না করে কৃত্রিম সংকট তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
অভিযান শেষে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সাধারণ গ্রাহকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে উক্ত পেট্রোল বিতরণ শুরু করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।