• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সিদ্ধান্তসমূহ

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪

নবনিয়োগপ্রাপ্ত কর্ম কমিশনের চেয়ারম্যান ও ৮জন বিজ্ঞ সদস্য বিশিষ্ট কমিশনের সভায় ৪৪তম, ৪৫তম ও ৪৬তম বি.সি.এস. পরীক্ষাসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহ সংক্রান্ত সকল বিষয় গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। কমিশন উল্লিখিত পরীক্ষাসমূহের স্বচ্ছতা, ন্যায্যতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গ্রহণ করে;

২.০ ৪৪তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বিগত ১৮ জুলাই ২০২৪ খ্রি. পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। বিগত ২৫ আগস্ট ২০২৪ খ্রি. তারিখে মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। ০৮ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে তৎকালীন কমিশন পদত্যাগ করে। মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বি.সি.এস.-২০২১ এর আংশিক অর্থাৎ ৩,৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থী অর্থাৎ ১১,৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। যথাশীঘ্র মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

৩.০ ৪৫তম বি.সি.এস. এর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলমান এবং দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে নতুন কমিশন সকল উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

৪.০ ৪৬তম বি.সি.এস. এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিগত ৯ মে ২০২৪ খ্রি. তারিখে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০,৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

৫.০ বাংলাদেশ রেলওয়ের (উপসহকারী প্রকৌশলী) নন-ক্যাডার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনা করছে। খুব শীঘ্রই এ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930