• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় (মরণোত্তর) ভূষিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে এই বিশেষ সম্মাননা গ্রহণ করেন তাঁর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী আরও পাঁচজন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন:
নুরুন নাহার আক্তার (অর্থনৈতিক সাফল্য)
মোছা. ববিতা খাতুন (শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য)
নুরবানু কবীর (সফল জননী)
মোছা. শমলা বেগম (নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জয়ী নারী)
মোছা. আফরোজা ইয়াসমিন (সমাজ উন্নয়নে অবদান)
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন:

“শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের সাহসের চিরন্তন অনুপ্রেরণা। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা পাবেন। এবারের নারী দিবস হোক সাম্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বলিষ্ঠ অঙ্গীকার।”

অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতা ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930