রাজীব দে ঢাকাঃ
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যবসা-বাণিজ্য প্রসারের লক্ষ্যে আজ সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট। রাজধানীর শেরাটন বনানীতে এই সামিটের আয়োজন করছে সদ্য গঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)।
ঢাকায় সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত রবিবার (৫ অক্টোবর) ২০২৫ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফলু হক চৌধুরী, সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ ও পরিচালক উজমা চৌধুরী।
সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী জানান, ৩ দিন ব্যাপী এই সামিটে দুই দেশের ব্যবসার পণ্য ও সেবার পাশাপাশি দুই দেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশ ও সৌদি আরবের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করবেন। সেমিনারে উভয় দেশের ব্যবসায়ীরা সম্প্রসারণের সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরবেন।তিনি বলেন, বাংলাদেশের দক্ষ-অদক্ষ জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব।
বর্তমানে ৩০ লাখের বেশি বাংলাদেশি সৌদি আরবে বিভিন্ন কর্মে নিযুক্ত। দেশটিতে বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যাও বাড়ছে। বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে দক্ষ জনশক্তি সরবরাহে প্রস্তুত—যেমন নার্স, প্যারামেডিক, ল্যাব টেকনিশিয়ান, ডাক্তার, প্রকৌশলী, আইটি বিশেষজ্ঞ, খাদ্য প্রযুক্তিবিদ, হসপিটালিটি সেক্টরের পেশাজীবী, নির্মাণ ও রিয়েল এস্টেট, অর্থ ও ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ প্রভৃতি সম্ভাব্য সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা যৌথ উদ্যোগের মাধ্যমে পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক সার,, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, গ্রিন টেকনোলজি, সাইবার সিকিউরিটি, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টরসহ নানা খাতে বিনিয়োগ করতে পারে।
বিশেষত চট্টগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত শিল্পভূমি তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে উঠবে।
সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার সুযোগ উন্মোচিত হয়েছে। এসএবিসিসিআই গঠনের মাধ্যমে পরস্পর পরস্পরের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ফলে বাণিজ্য বাড়ানো সম্ভব হবে বলে জানান আশরাফুল হক চৌধুরী।
জানা যায়, আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বিকেলে সৌদি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাবে। রাতে তাদের সৌজন্যে ডিনার আয়োজন করেছে এসএবিসিসিআই।
মঙ্গলবার ৭ অক্টোবর বনানীর হোটেল শেরাটনে সকাল ১০টায় শুরু হবে বিজনেস সামিট ও সামিটের মূল আয়োজন হবে।বিজনেস সামিটে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
এদিন সন্ধ্যায় ৭টায় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এসএবিসিসিআই’র উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৮ অক্টোবর সামিটের শেষ দিন দুপুরে অতিথিদের সৌজন্যে লাঞ্চ আয়োজন করবেন পররাষ্ট্রসচিব। দুপুর আড়াইটায় হোটেল সোনারগাঁওয়ে এই তিন দিনের সম্ভাবনা ও প্রাপ্তি নিয়ে দুপুর আড়াইটায় এই সমাপনী সংবাদ সম্মেলন সমাপ্ত করা হবে।