• ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৭, ২০২৬
ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায়ের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ৩টি গবেষণাপত্র উপস্থাপন

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আজ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনাসমূহে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম ত্বরান্বিত করার লক্ষ্যে ৩টি গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রমের প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আবদুর রউফ। সভায় মুখ্য গবেষকগণ তাদের গবেষণালব্ধ ফলাফল ও সুপারিশমালা উপস্থাপন করেন।

“Developing an Effective Communication Protocol for Emergency and Traffic Disruptions in Bridge and Toll Operations” শীর্ষক বিষয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মিজ মালিহা তাবাসসুম মুখ্য গবেষক হিসেবে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। সেতু ও টোল কার্যক্রমে জরুরি অবস্থা এবং ট্যাফিক বিঘ্ন মোকাবিলায় কার্যকর যোগাযোগ প্রোটোকল উন্নয়নের নিমিত্ত এই গবেষণায় বর্তমানের ‘কমিউনিকেশন গ্যাপ’ বা তথ্যের ঘাটতি দূর করতে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করা হয়েছে:
(ক) প্রতিটি সেতুতে একজন করে ডেডিকেটেড কমিউনিকেশন অফিসার নিয়োগ দেওয়া।
(খ) বিবিএ-এর ওয়েবসাইটে লাইভ ট্যাফিক ট্যাব যুক্ত করা যাতে ব্যবহারকারীরা কুয়াশা বা দুর্ঘটনার কারণে যান চলাচল পরিস্থিতি জানতে পারেন।
(গ) ইটিসি রেজিস্ট্রেশনের বর্তমান ৫টি ধাপ কমিয়ে মাত্র ২টিতে নামিয়ে আনা। টোল প্লাজায় রেজিস্ট্রেশন স্থাপন এবং অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা যাতে ব্যবহারকারীদের মাওয়া বা নির্দিষ্ট অফিসে সশরীরে যেতে না হয়।
(ঘ) বিবিএ-এর ওয়েবসাইটে একটি ডেডিকেটেড ট্যাব থাকবে যেখানে কুয়াশা, দুর্ঘটনা বা ভিড়ের কারণে যান চলাচলের বর্তমান অবস্থা রিয়েল-টাইমে দেখা যাবে।

“Adoption of Electronic Toll Management of Padma Bridge: A study based on the stakeholders Perspective for Implementation” শীর্ষক বিষয়ে সেতু বিভাগের যুগ্মসচিব জনাব মাহমুদ ইবনে কাসেম মুখ্য গবেষক হিসেবে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। দেশের অন্যতম বৃহৎ স্থাপনা পদ্মা সেতুতে ইটিসি ব্যবস্থা চালুর ক্ষেত্রে ব্যবহারকারী ও সংশ্লিষ্ট অংশীজনের মতামত এবং চ্যালেঞ্জসমূহ এই গবেষণার মাধ্যমে তুলে ধরা হয়। পদ্মা সেতুর মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় পূর্ণাঙ্গ ইলেকট্রনিক টোল ব্যবস্থা চালুর ক্ষেত্রে ব্যবহারকারী, চালক এবং সংশ্লিষ্ট মহলের মতামত ও চ্যালেঞ্জসমূহ এই সমীক্ষায় উঠে এসেছে। এই গবেষণায় ইটিসি ব্যবহারের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এটি গ্রহণের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সহজীকরণের ভিত্তিতে নিম্নোক্ত সুপারিশ করা হয়েছে:
(ক) বিআরটিএ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং বিবিএ-এর মধ্যে একটি সমন্বিত ডেটা শেয়ারিং সিস্টেম গড়ে তোলা, যাতে গাড়ির তথ্য ও পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যায়।
(খ) ইটিসি ব্যবহারের সুবিধা নিয়ে ব্যাপক প্রচারণা চালানো এবং ব্যবহারকারীদের ডিজিটাল লিটারেসি বা কারিগরি দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা।
(গ) প্রান্তিক পর্যায়ের চালক ও পরিবহন মালিকদের জন্য ইটিসি ও ডিজিটাল পেমেন্টের সুবিধা এবং পদ্ধতি সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রচারণার ব্যবস্থা করা।
(ঘ) টোল প্লাজায় আরএফআইডি রিডার বা সেন্সরগুলোর নির্ভুলতা নিশ্চিত করা যাতে কারিগরি ত্রুটির কারণে যানজট না বৃদ্ধি পায়।

“Efficiency of MFS (Mobile Financial Service) Based Electronic Toll Collection (ETC) System as a part of Toll Management in Bangladesh: Case Studies” শীর্ষক বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের একান্ত সচিব জনাব মোঃ মুশফিকুর রহমান মুখ্য গবেষক হিসেবে গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। মোবাইল ব্যাংকিং বা এমএফএস ব্যবহার করে টোল আদায়ের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিভিন্ন কেস স্টাডি এই গবেষণায় উপস্থাপন করা হয়। বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাগুলোর মাধ্যমে টোল আদায়ের সম্ভাব্যতা এবং এর কার্যকারিতা নিয়ে বিভিন্ন কেস স্টাডি উপস্থাপন করা হয়। টোল ব্যবস্থাপনাকে আরও সহজ ও স্বচ্ছ করতে এমএফএস-এর ব্যবহার ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গবেষণায় প্রতীয়মান হয়েছে। এই গবেষণায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টোল আদায়কে আরও কার্যকর ও আধুনিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে:
(ক) এমএফএস ওয়ালেটের সাথে ইটিসি সিস্টেমের সরাসরি সংযোগ রাখা যাতে ব্যালেন্স শেষ হওয়ার সাথে সাথে ব্যবহারকারী নোটিফিকেশন পান এবং স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ হয়। এমএফএস ওয়ালেটের সাথে ইটিসি-এর সরাসরি সংযোগ স্থাপন করে রিয়েল-টাইম ব্যালেন্স চেক ও পেমেন্ট নিশ্চিত করা।
(খ) টোল অপারেটর ও সংশ্লিষ্ট কর্মীদের নতুন ডিজিটাল সিস্টেম পরিচালনায় নিয়মিত প্রশিক্ষণ প্রদান।
(গ) দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে ‘মাল্টি-লেন ফ্রি ফ্লো’ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। এই ব্যবস্থায় গাড়িকে টোল প্লাজায় থামতে হবে না, বরং চলন্ত অবস্থায় সেন্সরের মাধ্যমে টোল আদায় হবে।

সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে আমরা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সকল স্থাপনায় দ্রুততম সময়ে ক্যাশলেস ও স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজকের এই গবেষণাগুলোর ফলাফল আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় দিকনির্দেশক হিসেবে কাজ করবে।

সেতু সচিব বলেন, সরকারি সেবা সহজতর করতে টোল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। এই গবেষণাগুলোর মাধ্যমে প্রাপ্ত সুপারিশসমূহ সেতু কর্তৃপক্ষের স্থাপনাসমূহে ক্যাশলেস ও স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা বাস্তবায়নকে আরও গতিশীল করবে। গবেষণা থেকে প্রাপ্ত সুপারিশগুলো যাচাই-বাছাই করে শীঘ্রই মাঠ পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ কোনো প্রকার বিরতি ছাড়াই স্বাচ্ছন্দ্যে টোল প্রদান করে পারাপার হতে পারেন।

এই বিস্তারিত সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের সেতুগুলোর টোল ব্যবস্থাপনা যেমন গতিশীল হবে, তেমনি জনসাধারণের ভোগান্তিও অনেকাংশে কমে আসবে। এছাড়াও সভায় সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গবেষকদলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং সাইট অফিসের কর্মকর্তাগণ অনলাইন জুম প্লাটফর্মে যুক্ত ছিলেন।

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031