আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ৯ কৃতী ক্রীড়াবিদ
দেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো নয়জন সফল ও উদীয়মান ক্রীড়াবিদকে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। রবিবার (১ মার্চ) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও প্রত্যেকে এক লাখ টাকার চেক তুলে দেন।
আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাতটি ভিন্ন ডিসিপ্লিনের নয়জন ক্রীড়াবিদকে তাদের অনবদ্য নৈপুণ্যের জন্য পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে টেবিল টেনিস তারকা খই খই সাই মারমা বলেন, “যেকোনও সম্মাননা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এটি যেমন আনন্দের, তেমনি দেশের প্রতি দায়িত্ববোধও বাড়িয়ে দেয়।” আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এবং তাদের অবদানকে সম্মান জানাতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এই ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বিশেষ এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।