• ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কোকোর স্মৃতি ধরে রাখতে ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২২, ২০২৬
কোকোর স্মৃতি ধরে রাখতে ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ও দূরদর্শী অবদান রয়েছে। কোকোর স্মৃতিকে ধরে রাখতে তাঁর ক্রীড়া ভাবনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আজ জাতীয় প্রেস ক্লাবে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না; তিনি উপলব্ধি করেছিলেন, একটি জাতিকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জনের বিকল্প নেই। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে যে অবস্থান তৈরি করেছে, তার ভিত্তি রচনায় কোকোর নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
ফকির মাহবুব আনাম আর‌ও বলেন, “ক্রীড়া, ঐক্য ও তারুণ্য—এই তিনটি শক্তিকে কাজে লাগিয়েই আমরা আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি।” প্রযুক্তি ও বিজ্ঞানে তরুণদের বিকাশের পাশাপাশি তাদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আইসিটি ও বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলাধুলাতেও বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে—এমন তরুণ সমাজ গড়ে তুলতে হবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ নয়, ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান ও স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়েই দীর্ঘস্থায়ী করতে হবে। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও এ উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

কোকোর স্মৃতিকে জীবন্ত রাখতে সংগঠনের যেকোনো ভালো উদ্যোগে তাঁর মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “কোকোর স্মৃতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” ক্রীড়ার মাধ্যমে তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ ও জাতির জন্য ইতিবাচক শক্তিতে পরিণত করা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। তাই তরুণদের প্রযুক্তি, বিজ্ঞান ও শিক্ষার পাশাপাশি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এর মধ্য দিয়েই আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে।

মন্ত্রী প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বলেন, তাঁর জীবন ও ক্রীড়াক্ষেত্রে অবদান থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। কোকোর স্মৃতি ও অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31