• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আজ শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৬’; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
আজ শুরু হচ্ছে ‘অমর একুশে বইমেলা-২০২৬’; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব ‘অমর একুশে বইমেলা-২০২৬’। দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেবেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এবারের মেলাকে ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। স্টল ও সজ্জায় পাট, কাপড় ও কাগজের মতো পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১,০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের কাছে গাছতলায় ৮৭টি স্টল নিয়ে থাকছে লিটল ম্যাগাজিন চত্বর।

মেলা আগামী ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১১টায়। পাঠক ও দর্শনার্থীরা নতুন বইয়ে ২৫ শতাংশ কমিশন উপভোগ করতে পারবেন।

রাত সাড়ে ৮টার পর মেলায় নতুন করে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। অমর একুশের চেতনাকে সমুন্নত রাখতে মেলা প্রাঙ্গণে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930