রাজীব দে :
উৎসবমুখর পরিবেশে এবং বাঙালির চিরায়ত কৃষ্টি ও ঐতিহ্যের আবহে উদযাপিত হলো ‘ছুটি উৎসব ১৪৩৩’। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে ‘ছুটি রিসোর্ট কক্সবাজার’-এর উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে আয়োজিত এই মিলনমেলায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের স্বতঃস্ফূর্ত পদচারণায় মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শেয়ারহোল্ডারদের সঙ্গে ঈদের আমেজ ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন ‘ছুটি রিসোর্ট কক্সবাজার’-এর ব্যবস্থাপনা পরিচালক এবং ‘ছুটি বে’-এর চেয়ারম্যান স্থপতি মো. মিজানুর রহমান। তিনি নতুন বছরে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
আয়োজনটিতে ছিল বাঙালিয়ানার ষোলোআনা ছোঁয়া। দেশি ফলের সমাহার, খৈ, মুরালি ও নাড়ুর পাশাপাশি অতিথিদের পরিবেশন করা হয় ফুচকা-চটপটি ও ধোঁয়া ওঠা চা-কফি। আড্ডা আর আপ্যায়নের এই মেলবন্ধন অনুষ্ঠানটিকে এক ভিন্ন মাত্রা দান করে। আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সভায় রিসোর্ট প্রজেক্টের চলমান কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
শুভেচ্ছা বক্তব্যে স্থপতি মো. মিজানুর রহমান বলেন, “আমাদের সকল শেয়ারহোল্ডারদের ভালোবাসা ও আস্থাই আমাদের মূল অনুপ্রেরণা। আজকের এই মিলনমেলা আমাদের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত সহযোগিতায় ‘ছুটি রিসোর্ট কক্সবাজার’ পর্যটন শিল্পে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।”
অনুষ্ঠানে আগত অতিথিরা প্রজেক্টের আপডেট ও ভবিষ্যৎ পরিকল্পনা শুনে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সকলকে এই যাত্রায় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।