অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান: তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৩.৬ লাখ টাকা জরিমানা আদায়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান: তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, ৩.৬ লাখ টাকা জরিমানা আদায়
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে আজ তিতাস গ্যাস টি অ্যান্ড ডি পিএলসি ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করে। তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যা সরকারের রাজস্ব ক্ষতি কমাতে এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
আজকের এই যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, এবং ঢাকার ডেমরা ও মাতুয়াইল এলাকায় তিনটি ওয়াশিং প্ল্যান্টে অভিযান চালান। এসব প্ল্যান্টে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় মোট ২৭০০ ঘনফুট লোড বিচ্ছিন্ন করা হয়। একইসাথে, দুটি প্ল্যান্ট থেকে মোট ২,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং সবগুলো সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
একই দিনে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন-এর নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে নারায়ণগঞ্জের বন্দর এলাকার তিনটি রেস্টুরেন্ট থেকে অবৈধ বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করে ১,৬০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, এই অভিযানে কেওডালা এলাকার প্রায় ৫০০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার আনুমানিক লোড ছিল ১০,৫০০ ঘনফুট/ঘণ্টা।
সবচেয়ে বড় সাফল্য আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে পরিচালিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকার অভিযানে। এই অভিযানে কালীগঞ্জ ডিআরএস থেকে রূপগঞ্জের বেলদী মোড় পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ অবৈধ বিতরণ লাইন স্থায়ীভাবে কর্তন ও ক্যাপ করা হয়। এর ফলে প্রায় ২০০০ বাড়ির আনুমানিক ২৫০০টি ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতি মাসে ১,৫০,০০০ ঘনমিটার গ্যাস সাশ্রয় হবে, যার আর্থিক মূল্য প্রায় ২৭,০০,০০০ টাকা।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।