সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো ২০২৬’-এর চূড়ান্ত প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকায় সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SABCCI)-এর উদ্যোগে এক প্রতিনিধিদল সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় এসএবিসিসিআই (SABCCI)-এর সভাপতি জনাব আশরাফুল হক চৌধুরী এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মশী উপস্থিত থেকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারকরণে তাঁর মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
আগামী ৪ থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই ট্রেড প্রমোশন মিশন অনুষ্ঠিত হবে। মিশনটি রিয়াদ, দাম্মাম/শারকিয়া, মক্কা, মদিনা এবং জেদ্দাসহ সৌদি আরবের প্রধান বাণিজ্যিক শহরগুলোতে কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
সমন্বয় সভায় চূড়ান্ত প্রতিনিধি তালিকা, রুট ম্যাপ, যাতায়াত ও আবাসন, ভিসা সুবিধা, চেম্বারগুলোর সাথে বৈঠক, বিটুবি (B2B) মিটিং এবং বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়। এই মিশনের অন্যতম প্রধান আকর্ষণ হবে ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত ‘বাংলাদেশ প্রোডাক্ট ক্যাটালগ’-এর প্রচার। এর মাধ্যমে বাংলাদেশি ব্যবসায়ীগণ সৌদি আমদানিকারক, বিনিয়োগকারী এবং সম্ভাবনাময় ব্যবসা অংশীদারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ পাবেন।
“ট্রিপল এক্সপোর্ট, ট্রিপল গ্রোথ” (Triple Export, Triple Growth) প্রতিপাদ্যকে সামনে রেখে এই মিশনটি পরিচালিত হচ্ছে। এতে কৃষি-খাদ্য, তথ্যপ্রযুক্তি (ICT), ওষুধ শিল্প (Pharmaceuticals), নির্মাণ, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্পসহ অন্যান্য উদীয়মান খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বাণিজ্য সম্প্রসারণ উদ্যোগের ধারাবাহিক অংশ হিসেবে এসএবিসিসিআই আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর ২০২৬ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য ‘অ্যাগ্রোফুড জেদ্দা ২০২৬’ (AgroFood Jeddah 2026)-এ অংশগ্রহণ করবে। এটি বাংলাদেশি কৃষি ও খাদ্যপণ্য প্রদর্শন এবং বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে আরেকটি কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এসএবিসিসিআই আশা প্রকাশ করে যে, এসব উদ্যোগ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।