• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৭, ২০২৬
সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী

দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে গেলেও তা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থনীতি পুনর্গঠনের পথে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে আয়োজিত ‘Bangladesh Apparel General Managers’ Association (BAGMA) Annual Program 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাক শিল্প। এই শিল্পের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। তার হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, পোশাক শিল্পের ওপর ভিত্তি করে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে। তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ নানা কারণে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া কঠিন কাজ, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।

মন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারে। পোশাক শিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ এ খাতের সক্ষমতা আরও বাড়াবে।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সরকার সহযোগী ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পোশাক শিল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে পোশাক শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্টরা।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930