• ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শেরপুরের ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর তীরসমূহ অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে- পানি সম্পদ সচিব নাজমুল আহসান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৪
শেরপুরের ঝিনাইগাতী এবং নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নদীর তীরসমূহ অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে- পানি সম্পদ সচিব নাজমুল আহসান

পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় মহারশি, ভোগাই ও চেল্লাখালী নদীর তীরের ক্ষতিগ্রস্ত অংশগুলো আগামী শুকনা মৌসুমের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে এবং এ এলাকায় বন্যা মোকাবেলায় স্থায়ী পদক্ষেপ নেয়া হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে পানি সম্পদ সচিব আজ শনিবার শেরপুর জেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের রামেরকুড়া, ব্রিজপাড়া, নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দা গ্রাম, কুলপাড়া, নিচপাড়া গ্রামের মন্দির ও শ্মশান ঘাট এলাকা, বাঘবেড় ইউনিয়নের চেল্লাখালী বাজার হতে সন্ন্যাসীভিটা গ্রামের নদী ভাংগন কবলিত এলাকাসমূহ পরিদর্শনকালে এসব কথা বলেন। বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পানি সম্পদ সচিব আরও বলেন, আমি সাথে টেকনিক্যাল টিম নিয়ে এসেছি, টেকনিক্যাল টিমের প্রকৌশলীদের প্রতিবেদনের আলোকে এ এলাকার নদী ভাংগন রোধে তাৎক্ষণিক ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালীন পানি সম্পদ সচিব বলেন, চলতি বর্ষা মৌসুমে শেরপুরসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। এতে জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সচিব সরেজমিনে পরিদর্শনকালীন ঝিনাইগাতি ও নালিতাবাড়ীতে নদী ভাঙ্গনের শিকার স্থানীয় মানুষজনের কথা শুনেন এবং নদীভাংগন রোধে দ্রুততম সময়ের মধ্যে এলাকায় নদীর তীরের ভাঙ্গন কবলিত স্থানসমুহে টেকসই বাঁধ নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্থানীয়দের আশ্বস্ত করেন।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যা হতে নালিতাবাড়ী ও ঝিনাইগাতীকে রক্ষা করতে ভোগাই, চেল্লাখালী ও মহারশি নদীর তীরের যেসকল অংশ ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসকল স্থানে জিও ব্যাগ ও বালি-সিমেন্ট মিক্স ব্যাগ প্লেসিং করার এবং নদীর মধ্যে জমে থাকা চর ও পলিমাটি অপসারণের কাজ দ্রুত শুরু করতে সচিব নাজমুল আহসান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এনায়েত উল্লাহ, ঢাকা জোনের প্রধান প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান,শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড টাংগাইল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31