• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘আমাদের ছেলেমেয়েদের বিদেশমুখী হওয়ার দরকার নেই, দেশেই আছে বড় সুযোগ’: ডিটিএ এক্সপোতে বিজিইএ সভাপতি মাসুদুর রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১১, ২০২৬
‘আমাদের ছেলেমেয়েদের বিদেশমুখী হওয়ার দরকার নেই, দেশেই আছে বড় সুযোগ’: ডিটিএ এক্সপোতে বিজিইএ সভাপতি মাসুদুর রহমান

দেশের তৈরি পোশাক ও মার্চেন্ডাইজিং খাতের বিকাশ এবং তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ গার্মেন্টস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন (বিজিইএ) এবং ইয়নশ্যাং গ্লোবাল সোর্সিং-এর চেয়ারম্যান মাসুদুর রহমান।

তিনি বলেন, “আমাদের ছেলেমেয়েদের চাকরি বা জীবিকার তাগিদে বিদেশমুখী হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের নিজেদের দেশেই এখন কাজের বিপুল সুযোগ রয়েছে। দেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করতে গার্মেন্টস শিল্পের বিকাশের কোনো বিকল্প নেই।”
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলমান তিনদিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যাপারেল এক্সপো (ডিটিএ) ২০২৬’ মেলা চলাকালীন এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাসুদুর রহমান বলেন, “গার্মেন্টস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন মূলত মার্চেন্ডাইজিং অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করছে। এই আন্তর্জাতিক এক্সপোটিকে সফল ও প্রমোট করার লক্ষ্যেই আমাদের এই সর্বাত্মক সমর্থন। মার্চেন্ডাইজারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে ডিটিএ এক্সপো অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকরী ভূমিকা পালন করছে।”

১৯৯৪ সাল থেকে ইবিএফসিআই (EBFCI)-এর সাথে জড়িত থাকার দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বিদেশীদের ও আন্তর্জাতিক মহলের নানামুখী কাজকর্ম খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমার সবসময়ই একটি স্বপ্ন ও আশা ছিল— দেশকে এবং দেশের পোশাক শিল্পকে বিশ্বদরবারে ইতিবাচকভাবে প্রমোট করা। পূর্বে বাংলাদেশ ডেনিম এক্সপো প্রমোট করার দায়িত্বও আমি অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছি, কারণ আমি মনে-প্রাণে দেশপ্রেমকে ধারণ করি।”

তৈরি পোশাক শিল্পের ওপর আসা নানা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভূ-রাজনৈতিক চাপের কথা উল্লেখ করে গ্রীন এনার্জি ই-বাইক সলিউশন-এরও এই চেয়ারম্যান বলেন, “বিদেশীরা একসময় আমাদের অন্য চোখে দেখত। কিন্তু এখন যখন আমরা স্বাবলম্বী হয়ে নিজেরা সব করতে চাচ্ছি, তখনই আমাদের ওপর নানা ঝড়ঝাপটা নেমে আসছে। এটি আজ সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। তবে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের তৈরি পোশাক শিল্প আরও উজ্জীবিত হবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও যোগ করেন, গার্মেন্টস শিল্পই বাংলাদেশের একমাত্র খাত, যা দেশের অর্থনীতিকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করে এবং সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসে।
পরিশেষে, দেশের তৈরি পোশাক ও মার্চেন্ডাইজিং খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে এই মেলা পরিদর্শনের উদাত্ত আহ্বান জানিয়ে বিজিইএ সভাপতি বলেন, “আপনারা ডিটিএ এক্সপোতে আসুন, অংশ নিন এবং ঘুরে দেখুন। একই সাথে বাংলাদেশে যারা এই ধরনের আন্তর্জাতিক মেলার আয়োজন করছেন, দেশের স্বার্থে তাদেরকে সর্বাত্মক সহায়তা ও সাপোর্ট করুন।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930