বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫ ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫
বিশ্ব পরিসংখ্যান দিবস ২০২৫ ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
অদ্য ২০ অক্টোবর ২০২৫ বিশ্ব পরিসংখ্যান দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সাল থেকে প্রতি ০৫ (পাঁচ) বছর অন্তর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’। এ বিষয়ের মাধ্যমে মূলত মানসম্মত ও যথাযথ পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জাতীয় পর্যায়ে সেমিনার আয়োজন, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ এবং র্যালি আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করেছে। এছাড়া, বিবিএস এর উদ্যোগে মাঠ পর্যায়ে র্যালি আয়োজন এবং আলোচনাসভা আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস একীভূত করে ২০ অক্টোবর ২০২৫ এ দিবসটি পালন করা হচ্ছে।
বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে অদ্য ২০ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালি পরিসংখ্যান ভবন হতে শুরু করে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিসংখ্যান ভবনে এসে শেষ হয়। দিবস উদযাপন উপলক্ষ্যে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএস এর উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর সার্বিক সহযোগিতায় একটি সেমিনার অদ্য ২০ অক্টোবর ২০২৫ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় কার্নিভাল হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি), শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এ অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে জনাব ওয়াহিদউদ্দিন মাহমুদ, মাননীয় উপদেষ্টা, পরিকল্পনা মন্ত্রণালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. আনিসুজ্জামান চৌধুরী, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, অর্থ মন্ত্রণালয় এবং ড. হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া Ms. Sonali Dayaratne, Deputy Resident Representative, UNDP Bangladesh অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। বর্ণিত সেমিনারে মিজ আলেয়া আক্তার, সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় সভাপতিত্ব করেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, মহাপরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ‘Driving Change with Quality Statistics and Data for Everyone: Bangladesh Perspective’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জনাব কবির উদ্দিন আহাম্মদ, পরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যাপক এ কে এনামুল হক, মহাপরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ঢাকা, অধ্যাপক ড. সৈয়দ শাহাদৎ হোসেন, সভাপতি, বাংলাদেশ পরিসংখ্যান সমিতি (বিএসএ) এবং প্রফেসর ড. মোঃ জাফর আহমেদ খান, চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, প্রতিযোগিতামূলক বিশ্বব্যবস্থার সাথে তাল মিলিয়ে অবাধ তথ্য প্রবাহের এ যুগে সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা বাস্তবায়ন ও জনকল্যাণ নিশ্চিতকরণের জন্য সঠিক ও সময়োচিত পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান তথ্য-উপাত্তের চাহিদা পূরণকল্পে জাতীয় পরিসংখ্যান সংস্থা (National Statistical Office) হিসেবে বিবিএস নিয়মিতভাবে বিভিন্ন আর্থসামাজিক, জনমিতিক ও সামষ্টিক অর্থনীতি প্রভৃতি সংক্রান্ত পরিসংখ্যান সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে এ দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বর্তমানে সকল শুমারি ও জরিপ কার্যক্রম Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরিচালনা করছে। শুমারি ও জরিপে ডিজিটাল ডিভাইস ব্যবহারের ফলে রিয়েল টাইম মনিটরিং নিশ্চিতের মাধ্যমে তথ্যের গুণগতমান বৃদ্ধির পাশাপাশি দ্রুত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হচ্ছে। উল্লেখ্য, বিবিএস প্রযুক্তিনির্ভর অভিযাত্রায় কৌশলগত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা ওয়্যারহাউস (ISDW), বিগ ডেটা অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, জিআইএস ল্যাবরেটরি, মাইক্রোডেটা অ্যানালাইসিস ল্যাব, ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট (DRS), কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা স্কিল উন্নয়ন উদ্যোগ এবং ওয়েবভিত্তিক ডেটা সার্ভিসসমূহের মাধ্যমে বিবিএস একটি সমন্বিত, টেকসই ও অত্যাধুনিক পরিসংখ্যানিক পরিবেশ প্রতিষ্ঠা করবে। এ সকল উদ্যোগ বস্তুনিষ্ঠ পরিসংখ্যান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।