বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক পরলোক গমন করেছেন। গত ৩ অক্টোবর শনিবার দিবাগত রাতে (রাত ১২:৩০ টায়) ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর এই প্রয়াণে দেশের রাজনৈতিক, সামাজিক ও মুক্তবুদ্ধির অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ড. নিম চন্দ্র ভৌমিক আজীবন অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম করে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক ও মানবাধিকার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জিম্বাবুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বও সফলভাবে পালন করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি সংগঠনটিকে শক্তিশালী করতে এবং দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন।
তাঁর মৃত্যুতে দেশের একটি দেশপ্রেমিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অভিভাবক শূন্য হলো। ঐক্য পরিষদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রদ্ধা নিবেদনের বিস্তারিত কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।