• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত: দুই দেশের বন্ধুত্ব ও সমৃদ্ধি কামনা

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
ঢাকায় ভারতীয় হাই কমিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত: দুই দেশের বন্ধুত্ব ও সমৃদ্ধি কামনা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা (শনিবার) ৭ মার্চ ২০২৬ রাজধানী ঢাকায় এক ইফতার মাহফিলের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মন্ত্রীগণ, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে হাই কমিশনার প্রণয় ভার্মা পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা নিবেদন করেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামাজিক ও পারিবারিক সুদৃঢ় বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।

হাই কমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক মূলত জনগণকেন্দ্রিক, যার ভিত্তি রচিত হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ আত্মত্যাগের মধ্য দিয়ে।
তিনি উল্লেখ করেন যে, ভারত ও বাংলাদেশ দুটি উচ্চাকাঙ্ক্ষী ও অগ্রসরমান সমাজ হিসেবে এক নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। একসঙ্গে কাজ করার মাধ্যমে উভয় দেশ এই সমগ্র অঞ্চলকে যৌথ সমৃদ্ধি উপহার দিতে পারে।

একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের নিরবচ্ছিন্ন সমর্থনের কথা তিনি পুনরায় ব্যক্ত করেন।

ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক অতিথির স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে তিনি দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার এক যৌথ অঙ্গীকার হিসেবে বর্ণনা করেন।
উপস্থিত অতিথিবৃন্দ:

অনুষ্ঠানটিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930