শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয় স্বয়ং মাঠে নেমে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সাথে ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করেন।
খেলায় অংশগ্রহণের মাধ্যমে পুলিশ সুপার মহোদয় ফোর্সের সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করেন এবং দলগত কাজ, শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতার গুরুত্ব তুলে ধরেন। এই সৌহার্দ্যপূর্ণ ক্রিকেট ম্যাচটি পুলিশ সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দায়িত্ব পালনে ফোর্সের মনোবল ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পায়।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় সকলের উদ্দেশ্যে বলেন “আমাদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হলে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় থাকা অত্যাবশ্যক। খেলাধুলা আমাদের দেহ ও মনকে সতেজ রাখে এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও দলগত চেতনাকে আরও শক্তিশালী করে।
আমি চাই, কাজের পাশাপাশি আমরা সবাই নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চার সঙ্গে যুক্ত থাকবো। এর মাধ্যমে আমরা আরও ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও জনগণের আস্থাভাজন একটি পুলিশ বাহিনী হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবো।”