• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬
সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কর্মকর্তাতের সততা, বিচক্ষণতা ও সময়ানুবর্তিতা দেশের প্রতি ভালোবাসার অংশ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২৪ জুলাই) রাতে রাজধানীর ফারস হোটেলে ‘সাপ্তাহিক সময় ও কথা’ এবং ‘রিদম গ্রুপ’ আয়োজিত নরসিংদী জেলা থেকে ৪৫তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সুপারিশপ্রাপ্তদের উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, শুধু বেআইনি অর্থ গ্রহণ না করাই সততার শেষ কথা নয়; বরং সততার মূল ভিত্তি লুকিয়ে রয়েছে সময়ানুবর্তিতা, পদের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি জবাবদিহিতার মাঝে। সরকারি কিংবা বেসরকারি—যেকোনো ক্ষেত্রে কর্মকর্তার মূল দায়িত্ব হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তিনি বলেন, “আপনাদের এই অবস্থানে আসার পেছনে পরিবার ও সমাজের বড় অবদান রয়েছে। সাধারণ মানুষের প্রতি আপনাদের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। একটি দেশের কর্মকর্তা হিসেবে প্রতিটি কাজের ক্ষেত্রে নিজের ভেতরের জবাবদিহিতা অনুভব করতে হবে।”

ব্যাংকিং খাত থেকে নিজের কর্মজীবন শুরুর অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সকাল সাড়ে আটটায় অফিসে গিয়ে কাজ শেষ করে রাত ৯টায় বাড়ি ফেরার যে সংস্কৃতি তিনি দেখে এসেছেন, তা আজও প্রাসঙ্গিক। কাজের প্রতি এ ধরনের একাগ্রতাই প্রকৃত সততা।

নরসিংদী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, যা ৫০ জন শিক্ষার্থী নিয়ে তার যাত্রা শুরু করতে যাচ্ছে। খুব শিগগিরই ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীতে একটি ট্রমা সেন্টার চালু হবে। এছাড়া একটি ডায়াবেটিক হাসপাতাল এবং একটি মা ও শিশু কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

সাখাওয়াত হোসেন বলেন, আল্লাহ ও প্রধানমন্ত্রীর উসিলায় দায়িত্বে থাকা অবস্থায় যদি এলাকার ও দেশের মানুষের সেবা না করে যাই, তবে ভবিষ্যতে অনেক দেরি হয়ে যেতে পারে। পদ ও ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের জন্য রেখে যাওয়া কাজই চিরস্থায়ী।

সভায় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, পাট অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মো. নুরুল বাছির ও রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেনসহ প্রমুখ।
.