• ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

মেধাবী তরুণদের উদ্ভাবনী ভাবনাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হাতিয়ার: ডা: জুবাইদা রহমান

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২৬
মেধাবী তরুণদের উদ্ভাবনী ভাবনাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হাতিয়ার: ডা: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জুবাইদা রহমান বলেছেন, “আমাদের তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তি বিশ্বমানের। তাদের সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা দিলে তারা শুধু দেশের সমস্যার সমাধানই করবে না, বরং বৈশ্বিক বুকেও বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আজকের এই স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টগুলোই প্রমাণ করে যে, আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার আমাদের এই তরুণরাই।”

আজ রবিবার (১৪ জুন ২০২৬) রাজধানীর বিএএফ শাহীন কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’ (EESS), এসইডিপি-এর আওতায় “Startup, Science Project and Innovation Idea Showcasing”-এর ঢাকা জেলা পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ডা: জুবাইদা রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়া ঘুরে দেখেন এবং তরুণ বিজ্ঞানীদের সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময়ই তরুণদের মেধা বিকাশ ও সৃজনশীল উদ্যোগের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতের বিশেষজ্ঞগণ।

দিনব্যাপী আয়োজিত এই প্রদর্শনী ও প্রতিযোগিতায় ঢাকা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডা: জুবাইদা রহমান বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930