• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মিড ডে মিলে পচা খাবার দিলে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আজীবন মনে রাখার মতো কঠোর ব্যবস্থা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২৬
মিড ডে মিলে পচা খাবার দিলে দৃষ্টান্তমূলক শাস্তি, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে আজীবন মনে রাখার মতো কঠোর ব্যবস্থা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হবে। তবে এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা পচা খাবার সরবরাহ সহ্য করা হবে না। যদি কেউ শিশুদের খাবারে অনিয়ম করে, তবে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে এবং এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

আজ (বৃহস্পতিবার) খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ গ্রহণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। যশোরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মু: আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট অঞ্চলের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অপর এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষা মন্ত্রী। সেখানে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “কোনো অবস্থাতেই প্রশ্ন ফাঁস হতে দেওয়া যাবে না। কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে এমন শাস্তি দেওয়া হবে, যা দেশের মানুষ সারা জীবন মনে রাখবে।”

মন্ত্রী জানান, পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ এবার ‘বডি-ওর্ন ক্যামেরা’ (Body-worn camera) ব্যবহার করবে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা (CC Camera) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম ও মনিটর থাকতে হবে এবং সিসিটিভি ফুটেজগুলো সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে কোনো অনিয়মের অভিযোগ আসলে তা যাচাই করা যায়।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, “আমাদের মূল লক্ষ্য নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলা। আর এই লক্ষ্য অর্জনে প্রয়োজন দক্ষ শিক্ষক। আমাদের আর গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় থাকার সুযোগ নেই। তাই শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সারফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন উর রশিদ, বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুছ আলী সিদ্দিকী, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বরিশাল শিল্পকলা একাডেমি চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930