• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬
বিসিবির নতুন অ্যাডহক কমিটিতে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এ কমিটিতে তার অন্তর্ভুক্তি বিশেষ গুরুত্ব বহন করছে।

আইন পেশায় দক্ষতা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং জনস্বার্থে দায়ের করা গুরুত্বপূর্ণ মামলায় সফলতার জন্য ব্যারিস্টার রাশনা ইমাম ইতিমধ্যেই সুপরিচিত। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘Cyber Crime Awareness Foundation’-এর উপদেষ্টা এবং জাতীয় পর্যায়ের সাইবার নিরাপত্তা সচেতনতা উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ব্যারিস্টার রাশনা ইমামের শিক্ষাজীবন ও কর্মজীবনের উল্লেখযোগ্য অর্জনসমূহ:

১৯৭৯ সালে ঢাকায় জন্মগ্রহণকারী রাশনা ইমাম ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও এবং এ লেভেল সম্পন্ন করে ২০০০ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। তিনি ইউনিভার্সিটি অফ বাকিংহাম থেকে এলএলবি ও এলএলএম এবং লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি সম্পন্ন করে লিংকনস ইন-এর সদস্য হন। পরবর্তীতে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত প্রতিযোগিতামূলক বিসিএল (ব্যাচেলর অফ সিভিল ল) ডিগ্রি অর্জন করেন।

তিনি বিশ্বখ্যাত আইন সংস্থা ‘Baker McKenzie’-এর লন্ডন অফিসে কর্পোরেট আইন বিভাগে কাজ করেছেন। এছাড়াও ArcelorMittal এবং Schneider Electric-এর মতো বৈশ্বিক শিল্পগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০১৮ সালে ‘Asia Society’ প্রকাশিত ‘Asia Young Leaders’ তালিকায় এশিয়ার ৩১ জন তরুণ নেতৃত্বের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পান তিনি। এছাড়া আন্তর্জাতিক রেটিং সংস্থা ‘Chambers and Partners Asia Pacific 2018’-এও তিনি শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

দেশে ফিরে তিনি বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও বৃহৎ শিল্পগোষ্ঠীকে আইনি পরামর্শ প্রদানের পাশাপাশি উচ্চ আদালতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, মৃত্যু-পরবর্তী অঙ্গদান এবং বৈষম্যমূলক আইনের বৈধতা চ্যালেঞ্জসহ একাধিক গুরুত্বপূর্ণ রিট মামলায় সক্রিয় ভূমিকা পালন করছেন।

ব্যারিস্টার রাশনা ইমাম পারিবারিকভাবেও আইন অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। তার বাবা আখতার ইমাম সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং তার স্বামী ববি হাজ্জাজ একজন রাজনীতিবিদ।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিসিবির পুনর্গঠিত অ্যাডহক কমিটিতে তার অন্তর্ভুক্তি দেশের ক্রীড়া প্রশাসনে আইনি ও নীতিনির্ধারণী দক্ষতার এক অনন্য সমন্বয় ঘটাবে।




September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930