আজ (রবিবার) সাভারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেন। এ সময় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনের শুরুতে মহাপরিচালক প্রতিমন্ত্রীকে বিকেএসপির চলমান কার্যক্রম, প্রশিক্ষণ পদ্ধতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। পরবর্তীতে প্রতিমন্ত্রী বিকেএসপির জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের শারীরিক কসরত প্রদর্শন এবং প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত ২১টি খেলাধুলার মনোমুগ্ধকর গেম ডিসপ্লে উপভোগ করেন।
এ সময় প্রতিমন্ত্রী তার অতীতের বিকেএসপিতে কাটানো সময়ের স্মৃতিচারণ করে বলেন, এক সময় আপনাদের মত আমিও বিকেএসপিতে ট্রেনিং নিয়েছি, অনেক ফুটবল খেলেছি, কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছি। যখন আপনাদের এই ডিসপ্লে দেখছিলাম আমি রোমাঞ্চিত হচ্ছিলাম।
প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী খেলাধুলাকে অনেক পছন্দ করেন এবং খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। খেলাধুলাকে পেশা হিসাবে স্বীকৃত প্রদানের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন পদকজয়ী ১২৯ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্টদের ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে ১২-১৪ বছরের শিশু কিশোরদের নিয়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস। যা আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে সারা বাংলাদেশে একযোগে শুরু করা হবে। নতুন কুঁড়ি স্পোর্টস থেকে বাছাইকৃত খেলোয়াড়দের বিকেএসপিতে এনে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার জন্য বৃত্তি প্রদান করা হবে।
পরিদর্শনের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বিকেএসপির বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।