• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫
পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের নিজ ভাগ্যোন্নয়নের প্রচেষ্টায় আরো সহায়ক সার্ভিস প্রদানের লক্ষ্যে স্থাপিত পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ রাজধানীর শ্যামলীতে ভবনটি উদ্বোধনকালে তিনি এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন যে, এ লক্ষ্য অর্জনে পিকেএসএফ-এর সামর্থ্যও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মাননীয় প্রধান উপদেষ্টা বলেন, “মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য; চাকরি করার জন্য মানুষ পৃথিবীতে আসেনি।” পিকেএসএফ সৃষ্টির পেছনে তাঁর নিবিড় সম্পৃক্তির স্মৃতিচারণ করে তিনি বলেন, পিকেএসএফ-এর সক্ষমতা এখন প্রশংসনীয় এবং এ সক্ষমতাকে কাজে লাগিয়ে এর সহযোগী সংস্থাগুলোর মাধ্যমে সামাজিক ব্যবসায় আরোও বেশি বিনিয়োগ করার দরকার। “দারিদ্য নিরসনে আমাদের পথচলা দীর্ঘ; আমাদের প্রস্তুতিও ভালো; এখন আমাদের (আরো) বড় আকারে (কাজ) শুরু করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সালেহউদ্দিন আহমেদ, উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পিকেএসএফ একটি বিশ্বমানের সংস্থা। বড় আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা পিকেএসএফ-এর ওপর আস্থা রাখে এর আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতার এবং কার্যকারিতার কারণে। তবে, পিকেএসএফ এসব সংস্থার ওপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করে তিনি বলেন, “পিকেএসএফ এর নিজস্ব আর্থিক সক্ষমতাই এর বড় শক্তি। … পিকেএসএফ শুধু একাই বড় হয়নি, সহযোগী সংস্থাগুলোকেও বড় করেছে।” পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলোকে ক্ষুদ্রঋণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং দক্ষতা উন্নয়নে চলমান কার্যক্রমকে আরো বেগবান করার জন্য তিনি আহ্বান জানান।

পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ১৯৯০-৯১ অর্থবছরে মাত্র ২৪ কোটি টাকার তহবিল নিয়ে পিকেএসএফ যাত্রা শুরু করে। এখন মাঠ পর্যায়ে সহযোগী সংস্থাসমূহের নিকট পিকেএসএফ-এর ঋণের পরিমাণ ১৪ হাজার কোটি টাকা। এ ঋণস্থিতির মাত্র ০.৬৭% হচ্ছে বকেয়া। এ অর্থ সহযোগী সংস্থাদের ৮৬ হাজার কোটি টাকা ঋণস্থিতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন একটি সফল প্রতিষ্ঠান গঠনের পেছনে ড. মুহাম্মদ ইউনূসের অবদান স্মরণ করে তিনি বলেন, “তাঁর মতামতের ভিত্তিতেই সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বাংলাদেশ সরকারের নিজস্ব সম্পদে ও পরিচালনায় পিকেএসএফ প্রতিষ্ঠিত হয়। পিকেএসএফ-এর যাত্রালগ্ন হতে পরবর্তী দুই দশক এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানটিকে শক্ত ভিত্তি প্রদানে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।” এ সময় তিনি পিকেএসএফ-এর সাফল্যের পেছনে এর অনন্য প্রাতিষ্ঠানিক ও গভর্ননেন্স কাঠামোর ভূমিকার কথা উল্লেখ করেন।

স্বাগত বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, আজকের এ বিশেষ দিনে আনন্দিত হওয়ার দু’টি কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কৌশলগত ধারণার ওপর এবং পরবর্তী প্রায় দুই দশক পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হিসেবে এর কৌশলগত নীতি নির্ধারণে তাঁর দিকনির্দেশনার ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সুসংহত হয়। “দ্বিতীয় কারণটি হলো, মঞ্চে উপস্থিত মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ১৯৯৬ হতে ২০০৫ সাল পর্যন্ত পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন এর আর্থিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি দৃঢ়তা পায়। তাঁর সময়েই পিকেএসএফ ভবন-১ নির্মিত হয়েছিলো; পিকেএসএফ ভবন-২ উদ্বোধনকালেও তাঁকে এবং ইউনূস স্যারকে একসাথে পাওয়া পিকেএসএফ-এর জন্য বিশেষ আনন্দের।”

অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা পিকেএসএফ ভবন-২-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে পিকেএসএফ-এর অর্থায়ন ও অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র এবং ড. মুহাম্মদ ইউনূস এবং ড. সালেহউদ্দিন আহমেদের পিকেএসএফ- এ কাটানো স্মৃতিময় মুহূর্তের ছবি নিয়ে নির্মিত একটি অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্যসচিব ও প্রেস সচিবসহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পিকেএসএফ-এর পর্ষদ সদস্যবৃন্দ, বিভিন্ন উন্নয়ন সহযোগীর প্রতিনিধিবৃন্দ এবং পিকেএসএফ-এর সহযোগী সংস্থার প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পিকেএসএফ পর্ষদের সদস্যবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় অর্থ উপদেষ্টার সাথে ফটোসেশনে অংশ নেন।

কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দরিদ্র মানুষের টেকসই উন্নয়নের লক্ষ্যে আর্থিক পরিষেবা প্রদানের মাধ্যমে ১৯৯০ সালে পিকেএসএফ-এর যাত্রা হয়। মাঠ পর্যায়ে এর সহযোগী সংস্থাদের ২.২৫ কোটি গ্রাহকের চাহিদার সাথে সংগতি রেখে বর্ধিত কার্যক্রমের প্রেক্ষিতে পিকেএসএফ ভবন-২ নির্মাণ করা হয়। ভবনটিতে পিকেএসএফ-এর সহযোগী সংস্থাসমূহের সরাসরি তত্ত্বাবধানে উদ্যোক্তাদের বিএসটিআই অনুমোদিত নির্বাচিত পণ্য ও উৎপাদন/ক্রয় সংক্রান্ত তথ্যকেন্দ্র থাকবে। এছাড়া পিকেএসএফ এর গবেষণা এবং প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম এ ভবন থেকে পরিচালিত হবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930