• ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদেরকে অবশ্যই সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে-ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৯, ২০২৫
দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদেরকে অবশ্যই সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে-ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা

আজ ঢাকার কাওরান বাজারস্থ পেট্রোবাংলার কার্যালয়ের ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক “An Overview of Bangladesh’s Energy Sector with a Spotlight on Women in Energy” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে Saudi Development Med (SDM) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জা বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। দেশের টেকসই উন্নয়নের জন্য নারীদেরকে অবশ্যই সমাজের প্রতিটি স্তরে যুক্ত করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে। নারী পুরুষ নির্বিশেষে সবাইকে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ এবং সৌদি আরবের সুসম্পর্কের কথা তুলে ধরে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা সুবিধা বঞ্চিত মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে নারী শিক্ষার ও প্রযুক্তিগত উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন তিনি। এসময় তিনি তার নিজের জীবন সংগ্রামের কথা তুলে ধরেন এবং তার অভিজ্ঞতা থেকে সেমিনারে উপস্থিত অংশীজনদের অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করেন।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে SDM কোম্পানির চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO) ড. মোহাম্মদ আবদুর রহমান বলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে কাজ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। এসময় তিনি বলেন, এখন বড় বড় কোম্পানিতে নারীরা অনেক ভালো পজিশনে কাজ করছে এবং সমাজে অনেক বেশি অবদান রাখছে।বাংলাদেশের সাথে প্রথম প্রজেক্টটি খুব ভালোভাবে সম্পন্ন করতে পারায় প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে এদেশের সাথে আরো কাজ করতে চান বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ নতুন প্রজন্মকে যথেষ্ট যোগ্য এবং মেধাবী উল্লেখ করে ড. মোহাম্মদ আবদুর রহমান বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য নিজেদের উপর ভরসা রাখতে হবে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে যোগ্যতার ভিত্তিতে সমানভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান বলেন, নারীরা এখন আগের থেকে অনেক বেশি সচেতন এবং মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ ধাপ পর্যন্ত তাঁরা দায়িত্ব নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। পেট্রোবাংলা এবং এর সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে নারীর অংশগ্রহণ বাড়ছে এবং ভবিষ্যতে এ সংখ্যা আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি SDM এর সাথে পেট্রোবাংলার ডিজিটাল মনিটরিং সিস্টেম উন্নয়নে কাজ করতে আগ্রহী বলে জানান এবং সেমিনারে আয়োজকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে তাঁর বক্তব্য শেষ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহিদা পারভীন তাঁর বক্তৃতায় সিভিল সেক্টরে নারীদের অংশগ্রহণ ও অবদান নিয়ে আলোচনা করেন এবং জানান নারীরা এখন সব জায়গায় কাজ করছে। দেশের অগ্রগতিতে অবদান রাখতে নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতার মধ্যে নারীরা এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে বলে এসময় মন্তব্য করেন তিনি।

সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান (সচিব) মোঃ আমিন উল আহসান বলেন, জ্বালানি নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিগত উন্নয়নে SDM এর সাথে সম্পর্কটা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। এসময় তিনি সেমিনারের প্রধান অতিথি ড. সালোয়া আব্দুল্লাহ এফ আলহাজ্জার বক্তব্যের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের জ্বালানি খাতকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে নারী-পুরুষ সবাই মিলে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি। সেমিনারে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930