তিন দিনব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বিষয়ক জাতীয় অনুষ্ঠান/সম্মেলন সফলভাবে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে SDG বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই SDG বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ SDG অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না; নির্ধারিত লক্ষ্য অর্জনে সঠিক তথ্য, কার্যকর পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন এবং বাস্তবায়নের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, SDG অর্জন শুধু সরকারের একার দায়িত্ব নয়। জাতীয় উন্নয়নের এই বৃহৎ লক্ষ্য অর্জনে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, বেসরকারি খাত, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী তিন দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারী মন্ত্রণালয় ও বিভাগসমূহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিশেষজ্ঞ, গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এই অনুষ্ঠানে যে আলোচনা, সুপারিশ ও অভিজ্ঞতা বিনিময় হয়েছে, তা SDG বাস্তবায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ , পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জোনায়েদ আবদুর রহিম সাকি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য জনাব মঞ্জুর হোসেন, প্রধান মন্ত্রীর এসডিজি মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আবদুল আউয়াল উপস্থিত ছিলেন।