• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬
টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ : নৌপরিবহন প্রতিমন্ত্রী

মায়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন
মন্ত্রণালয় এবং সেতু বিভাগ এর প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

সোমবার (৬ এপ্রিল) তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থলবন্দর পরিদর্শন করেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দর এলাকার গুদামে সংরক্ষিত পণ্যসহ সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, টেকনাফ স্থলবন্দর পুনরায় সচল করতে সরকার কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, এনবিআর, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের চাহিদা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমেও বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী
কক্সবাজার লাইট হাউস এবং নির্মানাধীন বিআইডব্লিউটিএর জেটিঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি;
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ মানজারুল মান্নানসহ
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।