• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জশিট গঠন) করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

আজ সোমবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক এই আদেশ প্রদান করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আলোচিত এই মামলার শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই চট্টগ্রাম আদালত ভবন ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে পুলিশের বিশেষ প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। আদালত ভবনের মূল প্রবেশপথে পুলিশি ব্যারিকেড দিয়ে তল্লাশি চালানো হয়। আইনজীবী, আদালতের কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। গত ৭ জানুয়ারি মামলাটি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মহানগর দায়রা জজ আদালত থেকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।

পুলিশি তদন্ত ও অভিযোগপত্র অনুযায়ী এই মামলায় মোট ৩৯ জন আসামি রয়েছেন। তাদের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৩ জন বর্তমানে কারাগারে আছেন এবং বাকি ১৬ জন আসামি এখনো পলাতক রয়েছেন। আদালত পলাতক আসামিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930