ঈদ-উল-আযহা উপলক্ষে রেলে ঘরমুখী সম্মানিত যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে বাড়িতে যেতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের সহযোগীতায় টিকিট কালোবাজারি প্রতিরোধে র্যাব ফোর্সেস অভিযান পরিচালনা করে আসছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে দালাল চক্র ও টিকিট কালোবাজারি প্রতিরোধে র্যাব-৩ কর্তৃক অস্থায়ী কন্ট্রোলরুম স্থাপনসহ নিয়মিত পেট্রোল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এ বিষয়ে অদ্য ১৩ জুন ২০২৪ তারিখ সকাল ০৯ ০০ ঘটিকায় কমলাপুর রেলওয়ে স্টেশনে র্যাব ফোর্সেস এর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, (এনডি), বিপিএম (সেবা,), এনইউপি, পিসিজিএম, বিএন, ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিংকালীন তিনি বলেন, বেশ কিছুদিন ধরে টিকিট কালোবাজারি, ছিনতাইকারী, মলম পার্টির বিরুদ্ধে র্যাব ফোর্সেস কাজ করে আসছে। ঈদকে ঘিরে রেল স্টেশনে চুরি, ছিনতাই ও মলম পার্টিদের থেকে যাত্রীদের নিরাপদ রাখার জন্য র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে। এছাড়াও ঈদ যাত্রায় রেল স্টেশনে কোন অভিযোগ থাকলে স্থাপিত র্যাবের সাপোর্ট সেন্টার/ অবজারভেশন পোস্টে অবহিত করার জন্য অনুরোধ করেন। কোন যাত্রী যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনার প্রেক্ষিতে এবারের ঈদ যাত্রায় যাত্রীরা যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে-নিরাপদে বাড়ি ফিরে পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে র্যাব কর্তৃক বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, র্যাবের সকল ব্যাটালিয়ন দেশের বড় বড় রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করেছে। টিকিট কালোবাজারির বিরুদ্ধে র্যাবের সকল ব্যাটালিয়ন তৎপর রয়েছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্তে টিকিট কালোবাজরি কমেছে। র্যাবের এই কার্যক্রমের ফলে যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে পূর্ব থেকে সতর্ক থাকায় তারাও যাত্রীদের দেয়া ধন্যবাদের অংশীদার।
যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র্যাব সদস্যরা নিয়োজিত রয়েছে। এ বিষয়ে সহযোগিতা করলে যাত্রীদের লাভ, দেশের লাভ এবং সকলের লাভ। তিনি যাত্রীদের ঝুঁকি না নিয়ে নিরাপদ যাত্রার জন্য অনুরোধ করেন। যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।”
ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে র্যাব-৩ সহ র্যাবের সকল ব্যাটালিয়ন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। একইসাথে সাইবার নজরদারীসহ গোয়েন্দা কার্যক্রম অব্যহত রয়েছে। নিরাপত্তায় নিয়োজিত অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থার সাথে সমন্বিত তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতা সংক্রান্ত তথ্য র্যাবের কাছে নেই। ঈদ যাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে র্যাব সকল ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।