• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী পাঁচ বছরে দেশের আইটি/আইটিইএস খাতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে…. প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৪
আগামী পাঁচ বছরে দেশের আইটি/আইটিইএস খাতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে…. প্রতিমন্ত্রী পলক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন আগামী ৫ বছরে দেশে আইটি/আইটিইএস খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে। তিনি বলেন বিনিয়োগকারীদের জন্য এখন সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ। গত সাত বছরে বাংলাদেশকে বিনিয়োগ আকর্ষণ করে ৮’শ মিলিয়ন ডলার বিনিয়োগ আনা সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ শ্রমিকদের ওয়েলবিং প্ল্যাটফর্ম আপন এর “ইনভেস্টমেন্ট অ্যানাউন্সমেন্ট শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, আপন বাজার সিইও সাইফ রশিদ।

প্রতিমন্ত্রী বলেন বর্তমানে আমাদের আইসিটি খাত থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার রফতানি আয় হচ্ছে এবং ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ খাতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় এবং আরও নতুন ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি জানান।

আইসিটি’র গুরুত্ব উল্লেখ করে প্রতিমন্ত্রী পলক বলেন আইসিটি এখন অক্সিজেনের মতো কাজ করছে। আইসিটি’র কাজ হচ্ছে সকলকে সহযোগিতা করা। তিনি বলেন আমরা যেমন চোখে অক্সিজেন দেখি না, আমরা গ্রহণ করি, তেমনি আইসিটি চোখে দেখা যাচ্ছে না, সমাজে বিরাট পরিবর্তন আনছে এবং মানুষের জীবনকে সহজ করছে।

পলক বলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব আহমেদ ওয়াজেদের সঠিক দিকনির্দেশনা এবং পরামর্শে আমরা খুব অল্প সময়ে ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন ইন্টারনেট আছে বলেই ইন্টারনেট নির্ভর আপন বাজার অ্যাপ ৩২টি কোম্পানিতে ১৪ লাখ শ্রমিকরা ব্যবহার করার সুযোগ পাচ্ছে।

আপন বাজার অ্যাপের প্রতিটি কাজে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন প্রি-সিড রাউন্ডে বিদেশি এবং স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে ১৫ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে। আপনের যাত্রা কেবল শুরু এটি অনেক দূর এগিয়ে যাবে। তারা ট্যালেন্ট ও প্রযুক্তি দিয়ে বাংলাদেশের বাজারে বিপ্লব ঘটাবে বলে উল্লেখ করেন।

এর আগে প্রতিমন্ত্রী কেক কেটে বিনিয়োগ উদ্‌যাপন করেন।