• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ‘ওয়ান হেলথ’ অ্যাপ্রোচ ও ল্যাবরেটরি সক্ষমতা বাড়ানোর আহ্বান অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ইউসুফের

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে ‘ওয়ান হেলথ’ অ্যাপ্রোচ ও ল্যাবরেটরি সক্ষমতা বাড়ানোর আহ্বান অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ইউসুফের

রাজীব দে:

যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ, আধুনিক প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ এবং সরকারি হাসপাতালগুলোতে অনলাইন রিপোর্টিং চালুর ওপর গুরুত্বারোপ

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা হারিয়ে ফেলা বর্তমানে বাংলাদেশসহ বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ সংকট মোকাবিলায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ, রোগ নির্ণয়ে ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ইউসুফ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চের (আইইডিসিআর) নতুন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ইউসুফ বলেন, বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স একটি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য বড় সংকট। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে এবং অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে ফার্মেসিতে গেলেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। অ্যান্টিবায়োটিকের প্যাকেটে লাল রঙের চিহ্ন ব্যবহারসহ এর বিক্রি ও ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরিং ও সুপারভিশন কার্যক্রমও গুরুত্বপূর্ণ। তবে এসব উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে।

অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ম সম্পর্কে তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে এবং নির্ধারিত চিকিৎসা কোর্স যথাযথভাবে সম্পন্ন করতে হবে। কোন জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক কার্যকর, তা নির্ধারণের ক্ষেত্রে মেডিকেল মাইক্রোবায়োলজিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একেক ধরনের জীবাণুর বিরুদ্ধে একেক ধরনের অ্যান্টিবায়োটিক কার্যকর হতে পারে। এ ক্ষেত্রে ল্যাবরেটরির পরীক্ষা ও রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত অ্যান্টিবায়োটিক নির্বাচন করা প্রয়োজন।

দেশের ল্যাবরেটরিগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় ল্যাবরেটরিগুলোর আরও উন্নয়ন প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় লজিস্টিকস, আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও সুযোগ-সুবিধা রয়েছে। ল্যাবরেটরিতে কর্মরত বিশেষজ্ঞদের উচিত প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তির চাহিদা যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরা, যাতে সেগুলো বাস্তবায়নের মাধ্যমে রোগ নির্ণয়ের মান আরও উন্নত করা যায়।

তিনি আরও বলেন, ল্যাবরেটরির রিপোর্টের নির্ভুলতা ও মানোন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি বিদেশে বিশেষজ্ঞদের প্রশিক্ষণের সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে উন্নত দেশগুলোর আধুনিক ডিটেকশন ও ডায়াগনোসিস পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে সেগুলো বাংলাদেশে প্রয়োগ করা সম্ভব হবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে ল্যাবরেটরির কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারি হাসপাতালগুলোতে অনলাইন রিপোর্টিং ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়ে অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ইউসুফ বলেন, বর্তমানে কিছু সরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে অনলাইনে রিপোর্ট দেখার ব্যবস্থা রয়েছে। এ ধরনের ব্যবস্থা দেশের সব সরকারি হাসপাতালে চালু করা গেলে রোগী ও সংশ্লিষ্ট চিকিৎসক রিপোর্ট প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই অনলাইনে তা দেখতে পারবেন। এতে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করা সহজ হবে। রোগীদের হয়রানি কমবে এবং চিকিৎসাসেবার গতি বাড়বে। সর্বোপরি, এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগীদের সুস্থ করে তোলা।

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী ‘ওয়ান হেলথ’ অ্যাপ্রোচ অনুসরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ সমস্যা শুধু মানবস্বাস্থ্য বা চিকিৎসকদের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রাণিস্বাস্থ্য, পোল্ট্রি, মৎস্য খাত এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গেও এর সম্পর্ক রয়েছে। এসব খাতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং পরিবেশদূষণও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, তাই শুধু চিকিৎসক বা স্বাস্থ্য বিভাগ এককভাবে কাজ করলে এ সমস্যা সমাধান করা সম্ভব নয়। মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য, কৃষি, মৎস্য, পরিবেশ এবং সংশ্লিষ্ট সব খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য ‘ওয়ার্ক টুগেদার’ বা একসঙ্গে কাজ করার আহ্বানও সেই বিষয়টিকেই গুরুত্ব দেয়। সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ সম্মিলিতভাবে উদ্যোগ নিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।

অধ্যাপক ডা. মো. আব্দুল্লাহ ইউসুফ বলেন, অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা ধরে রাখতে হলে এখনই দায়িত্বশীল হতে হবে। চিকিৎসক, রোগী, ফার্মেসি ব্যবসায়ী, গবেষক, ল্যাবরেটরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব খাতের সমন্বিত প্রচেষ্টাই পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা রক্ষা করতে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930