• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে

আজ বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমি’র ২৫তম কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। কিন্তু আগামী দিনের চ্যালেঞ্জ শুধু উৎপাদন বৃদ্ধি নয়, বরং সীমিত সম্পদ, জলবায়ু পরিবর্তন ও পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলাতে হবে। কিভাবে একই জমিতে অধিক উৎপাদন, কম খরচ, উন্নতমান এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা যায় সে বিষয়ে কাজ করতে হবে। ‌

তিনি আরো বলেন, প্রতিবছর আমাদের বিজ্ঞানী ও গবেষকরা অনেক গবেষণাপত্র প্রকাশ করেন, নতুন প্রযুক্তি উদ্ভাবন করেন। সেই উদ্ভাবনের ফল কতজন কৃষকের কাছে পৌঁছালো সেটা বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হলে চলবে না; বরং উদ্ভাবন, সমস্যা সমাধান ও কৃষিখাতের রূপান্তরের কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী হয়ে উঠতে হবে।

তিনি আরো বলেন, আধুনিক কৃষি অর্থনীতির জন্য দক্ষ জনশক্তি প্রয়োজন। বিশেষ করে, কৃষি যন্ত্রপাতি পরিচালনা, সেচ প্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি খাতে। এসব দক্ষতা তৈরির ক্ষেত্রে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং (টিভেট) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ সোসাইটি অব এগ্রোনোমি’র সভাপতি ড. এ কে এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বারিন্দ মাল্টিপারপাস ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মোঃ আব্দুস সালাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আব্দুল আলিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।