• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গুণীজনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: ফকির মাহবুব আনাম

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২১, ২০২৬
গুণীজনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: ফকির মাহবুব আনাম

সমাজ ও দেশের জন্য যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, ধর্ম, দল বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে। এ ধরনের ইতিহাস ও অবদান তরুণদের সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শত বছরের সফল ব্যক্তি স্মারক সম্মাননা এবং প্রকাশনা ও সংবর্ধনা-২০২৬’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস কমে যাচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অনুপযুক্ত কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ বিষয়ে সরকার সামাজিক যোগাযোগমাধ্যমের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট তৈরির প্রবণতাও উদ্বেগজনক। এসব অপব্যবহার প্রতিরোধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলের অনেক গুণী ব্যক্তি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাদের কর্ম ও অবদান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই প্রকাশ ও গ্রন্থাগারে তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ধরনের উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, যারা নিজেদের সৃজনশীলতা ও কর্মের মাধ্যমে সমাজে অবদান রাখছেন, তাদের স্বীকৃতি অন্যদেরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে ৮ টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে শত বছরের সফল ব্যক্তিদের স্মরণে বিভিন্ন প্রকাশনা প্রকাশ এবং গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, সফল ও গুণী ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদানকে স্মরণীয় করে রাখা এবং ইতিবাচক চিন্তার প্রসারে এ আয়োজন করা হয়েছে।

ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন এবং ছায়ানীড়ের উপদেষ্টা আব্দুল কাশেম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শায়খানাজে রহমান ও নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি, লেখক, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930