শুধুমাত্র বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাতৃভূমি হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে ফেনী সব ধরনের উন্নয়ন বঞ্চিত হয়েছে। তাই ফেনীবাসাীর প্রত্যাশা ছিল বিএনপি সরকার ক্ষমতায় এলে ফেনী সেই মূল্যায়ণ পাবে। ফেনীবাসী দীর্ঘ সময় ধরে দাবি করে আসছে, ফেনীতে একটি মেডিকেল কলেজ, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও সেনা ক্যাম্প স্থাপনের। নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এসব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসেছেন। কিন্তু বিএনপি সরকার গঠনের মাত্র ১ মাস না যেতেই জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহার করায় ফেনীবাসী চরমভাবে আশাহত হয়েছে। ১৭ বছরের বঞ্চিত ফেনীবাসীকে বিএনপি সরকারও বঞ্চিত করবে এটা ফেনীর মানুষ কখনো ভাবেনি।
ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখানের প্রতিবাদে এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে রাজধানীতে “ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদ” আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেছেন ফেনীর বিশিষ্টজনরা।
শনিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকায় বসবাসকারী ফেনীর বিশিষ্টজনদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের তত্ত্বাবধানে এবং বিশিষ্ট সাংবাদিক কেফায়েত শাকিলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে মুল বক্তব্য উপস্থাপন করেন ফেনী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের মুখপাত্র ওমর ফারুক।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যাবসায়ী ও শিল্পোদ্যোক্তা দিদারুল আলম মজুমদার, বিশিষ্ট ব্যাবসায়ী ও ফেনী বেসরকারি মেডিকেল কলেজের সাবেক পরিচালক ওমর ফারুক মজুমদার, গবেষক ও সাহিত্যিক আবদুস সালাম ফরায়েজী, বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এম. সাদিক দিদার, রফিকুল ইসলাম কিরণ, ইন্জিনিয়ার এনামুল হক আজিম, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের নির্বাহী সদস্য কাজি আমানুল্লাহ মাহফুজ, উদ্যোক্তা ও সংগঠন নাফিজ ইমতিয়াজ মজুমদার শিমুল, দ্যা ইকোনমি পোস্ট সম্পাদক মো. মহিদ্দিন, ব্যাবসায়ী ইমাম উদ্দীন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, বাংলাদেশের রেমিটেন্স আয়ের শীর্ষ জেলা ফেনী। ফেনীর রেমিটেন্স যোদ্ধারা টাকা আয় করে দেশের চাকা ঘুরালেও নিজ জেলায় চিকিৎসা না পেয়ে মারা যেতে হয় প্রবাসীদের বাবা-মা-সন্তানদের। এই জেলার চিকিৎসার মান এতই খারাপ যে, এখানে সন্তান জন্ম দিতেও প্রতি বছর প্রাণ হারান অনেক মা। ছোটখাটো রোগেও প্রাণ হারাতে হয় অনেককে। সরকারি যে সদর হাসপাতালটি আছে সেখানে ন্যুনতম স্বাস্থ্য সেবা মিলে না। তাই ফেনীবাসীর এই দাবিকে সরকার মানবিক বিবেচনায় নেওয়া উচিত।