চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মহেশখালী (চুসাম)’-এর উদ্যোগে শুক্রবার (৬ মার্চ) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং মহেশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন চট্টগ্রাম অঞ্চলে অবস্থানরত মহেশখালীর শিক্ষার্থীদের মধ্যে যেমন সেতুবন্ধন তৈরি করে, তেমনি মহেশখালীর মানুষের মধ্যকার সামাজিক ঐক্যকেও সুদৃঢ় করে।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা কামাল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ ছিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. এহসানুল হক কাজল, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাশেম, মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন এবং মহেশখালী পেশাজীবী সমবায় সমিতি লি.-এর সভাপতি সরওয়ার কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহসিন কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক শাখার ডেপুটি রেজিস্ট্রার সোহরাব হোসাইন শাওন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও চুসামের উপদেষ্টা মুহাম্মদ ইসহাক এবং বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ও চবির প্রাক্তন শিক্ষার্থী সুলাইমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, প্রবাসে বা নিজ অঞ্চলের বাইরে থেকে পড়ালেখা ও কর্মজীবনে থাকা মহেশখালীবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং একে অপরের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এমন আয়োজন নিয়মিত করা হয়। এটি শিক্ষার্থীদের মধ্যে পেশাগত ও ব্যক্তিগত যোগাযোগ স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে যারা অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।