মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬
আগামীকাল ২১ ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বাণীতে তিনি বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী জনগণ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে মাতৃভাষা বাংলার অধিকার আদায়ে জীবন উৎসর্গকারী বীর শহীদ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন যে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তৎকালীন শাসকগোষ্ঠীর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্রসমাজ ও আপামর জনতা বুকের তাজা রক্ত দিয়ে মাতৃভাষার অধিকার আদায় করেছিল। তিনি বলেন, “মূলত ভাষা আন্দোলন ছিল নিজস্ব জাতিসত্তা, স্বকীয়তা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার আন্দোলন। আমাদের স্বাধিকার, মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে অমর একুশের চেতনায় জুগিয়েছে অফুরন্ত প্রেরণা ও অসীম সাহস।”
১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, এটি জাতি হিসেবে আমাদের অন্যতম গৌরবময় অর্জন। অমর একুশের চেতনা আজ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণার অবিরাম উৎস হয়ে দাঁড়িয়েছে।
রাষ্ট্রপতি বাণীতে বাংলা ভাষার যথাযথ চর্চা ও মান সংরক্ষণে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। একই সাথে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন ভাষার ওপর প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্বারোপ করেন। তিনি প্রত্যাশা করেন যে, মহান একুশের চেতনাকে ধারণ করে বিশ্বের সকল জাতিগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্মানবোধ জাগ্রত হবে এবং দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে।