• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জমকালো আয়োজনে ‘বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬
জমকালো আয়োজনে ‘বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬’ অনুষ্ঠিত

রাজীব দে ঢাকা:

শীর্ষ ১০ রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান ও আইটি খাতের বৈশ্বিক রোডম্যাপ নিয়ে আলোচনা

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের গৌরবময় অর্জন ও রপ্তানি খাতের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো ‘বেসিস আইটি এক্সপোর্টার্স নাইট ২০২৬’। বিজনেস প্রমোশন কাউন্সিল-এর সহযোগিতায় দেশের সফটওয়্যার খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে দেশের আইটি ও আইটিইএস খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শীর্ষ ১০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্ত শীর্ষ ১০ প্রতিষ্ঠানগুলো হল বিআইজেআইটি লিমিটেড, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ লিমিটেড, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড, এনোসিস সলিউশনস, থেরাপ (বিডি) লিমিটেড, রেডিয়েন্ট ডাটা সিস্টেমস লিমিটেড এবং ডাটা পাথ লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো বিশ্বের ১০৪টিরও বেশি দেশে সফটওয়্যার ও প্রযুক্তি সেবা পৌঁছে দিচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৫০০টি প্রতিষ্ঠান রপ্তানিতে যুক্ত ছিল। বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্যগুলোর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, সিঙ্গাপুর ও কানাডা।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি বলেন, “তথ্যপ্রযুক্তি খাত এখন দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সরকার এই খাতকে অগ্রাধিকার দিয়ে ক্যাশ ইনসেনটিভ, কর অবকাশ ও দক্ষতা উন্নয়নে নানামুখী সহায়তা প্রদান করছে। বেসিসের এই উদ্যোগ শীর্ষ রপ্তানিকারকদের স্বীকৃতির পাশাপাশি নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে।”

সভাপতির বক্তব্যে বেসিস প্রশাসক ও যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বলেন, “মাত্র ১৮টি সদস্য নিয়ে শুরু হওয়া বেসিসের সদস্য সংখ্যা এখন ২,৭০০ ছাড়িয়েছে। আজকের এই আয়োজন কেবল উদযাপন নয়, বরং বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে ভবিষ্যতে আইটি রপ্তানি খাতের টেকসই প্রবৃদ্ধির রোডম্যাপ তৈরির একটি প্ল্যাটফর্ম।”

অনুষ্ঠানে বেসিসের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা রফিকুল ইসলাম ডিউক এবং আয়োজনের আহ্বায়ক রওশন কামাল জেমস বক্তব্য রাখেন। তারা বাংলাদেশের আইটি শিল্পের বৈশ্বিক বিস্তারের মাইলফলকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে একটি নীতিনির্ধারণী প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং জাইকা বাংলাদেশ-এর প্রতিনিধি ইউকো মোরিকাওয়াসহ শিল্প নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা আইটি রপ্তানি সম্প্রসারণে নীতিনির্ধারক ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

দেশের তথ্যপ্রযুক্তি খাতের অর্জনকে উদযাপন এবং ভবিষ্যতের জন্য একটি সম্মিলিত ও সুস্পষ্ট রোডম্যাপের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930