• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৫
দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, দুর্যোগ মোকাবিলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ। তিনি আজ ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী অ্যান্টিসিপেটার অ্যাকশন বা পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, বর্তমান জলবায়ু বাস্তবতায় দুর্যোগ ঝুঁকিগুলো ক্রমেই বাড়ছে- আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ আরো প্রবল ও ঘনঘন ঘটছে। এগুলো শুধু আমাদের অর্থনীতিকে নয়, মানুষের প্রতিদিনের জীবনযাপনকেও হুমকির মুখে ফেলেছে। তিনি বলেন, জলবায়ু সহায়ক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা হয়তো অনেক অগ্রগতি সাধন করেছি এবং উন্নত প্রস্তুতির কারণে জীবনহানির সংখ্যা আগের তুলনায় এখন অনেক কমেছে। কিন্তু বাস্তবতা হলো অর্থনৈতিক ক্ষতি, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি এখনো ব্যাপকভাবে আমাদেরকে পর্যদস্ত করে চলছে।

দুর্যোগ মোকাবিলার চেয়ে দুর্যোগ প্রশমন অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল পূর্বাভাস নয় বরং পূর্বাভাসের ওপর ভিত্তি করে পদক্ষেপ নেওয়া। সংকট আসার আগে কাজ করা, পরে নয়। এই মানসিকতাই আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ভাবনায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।

ফারুক ই আজম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বাস্তবভিত্তিক, মানুষকেন্দ্রিক, কমিউনিটিভিত্তিক ও স্থানীয় নেতৃত্বাধীন। একমাত্র এভাবেই আমরা ক্ষতি কমাতে, জীবন বাঁচাতে, আর দুর্বল জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা করতে পারব। আর্লি ওয়ার্নিং ফর অল উদ্যোগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাচ্ছি যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের শেষ সীমারেখায় বসবাসকারী প্রত্যেক মানুষ যেন সঠিক সময়ে, যথার্থ সতর্কবার্তা পান।

পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রমের ৩য় ন্যাশনাল ডায়ালগ প্লাটফর্ম নিয়ে উপদেষ্টা বলেন, “আগামী দুই দিন এই সংলাপ হবে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে আমরা অভিজ্ঞতা শেয়ার করব, নতুন ধারণা খুঁজবো, আর সামনে এগোনোর পথ নির্ধারণ করবো। চলতি বছরের নির্ধারিত থিম হলো, বহুমুখী ঝুঁকির প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত ও স্থানীয় নেতৃত্বাধীন অ্যান্টিসিপেটরি অ্যাকশন নিশ্চিত করা। যদি আমরা স্থায়ী পরিবর্তন চাই তাহলে নীতিমালা, পদ্ধতি ও কমিউনিটি- প্রত্যেককে সমন্বিতভাবে এগিয়ে যেতে হবে।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ও সমন্বয়কারী গুয়েন লুইস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল প্রফেসর মোঃ আজিজুল ইসলাম (অব.), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজোয়ানুর রহমান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি জেস উড, অ্যাকশন এগেইনস্ট হ্যাঙ্গারের কান্ট্রি ডিরেক্টর মোঃ আকমাল শরীফ বক্তৃতা করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930