• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ২০২৫: কূটনৈতিক বন্ধুত্বের কোর্টে দুর্দান্ত শট!

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২৫
ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ২০২৫: কূটনৈতিক বন্ধুত্বের কোর্টে দুর্দান্ত শট!

ব্যাডমিন্টনের স্ম্যাশ আর টেবিল টেনিসের স্পিনে মুখর হয়ে উঠলো বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (ISD), যেখানে সকাল ১০টায় প্রথমবারের মতো পর্দা ওঠে ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ২০২৫। খেলাধুলা আর বন্ধুত্বের এই ব্যতিক্রমধর্মী মিলনমেলা উদ্বোধন করেন পররাষ্ট্র মণ্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল জনাব এএফএম জাহিদুল ইসলাম। তাঁর সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেমপ্লে লিমিটেড-এর সিইও মাকসুম উল হোসেন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং আরো অনেক দূতাবাসের কর্মকর্তারা।

সকালের শান্ত পরিবেশ কিছুক্ষণের মধ্যেই জমজমাট প্রতিযোগিতায় রূপ নেয় — কখনো ব্যাকহ্যান্ডে শট, কখনো ঝলমলে সার্ভ, আর সবকিছুর মাঝখানে কূটনৈতিক হাসি-ঠাট্টা! এই প্রতিযোগিতা কেবল খেলা নয়, বরং একে অপরকে জানার, বোঝার এবং সম্পর্ক দৃঢ় করার একটি সেতুবন্ধন।

উদ্বোধনী ভাষণে জনাব এএফএম জাহিদুল ইসলাম বলেন, “এই টুর্নামেন্ট কেবল প্রতিযোগিতা নয়, এটা হলো কানেকশনের প্ল্যাটফর্ম। খেলাধুলার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও প্রাণবন্ত করার।”

সারাদিনজুড়ে চলেছে ব্যাডমিন্টন ডাবলস, টেবিল টেনিস সিঙ্গেলস ও ডাবলসের ম্যাচ, যেখানে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের দূতাবাস এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। সবার লক্ষ্য একটাই — জয় নয়, সম্পর্ক জোরদার করা।

ডিপ্লোম্যাটিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ২০২৫ প্রমাণ করছে, খেলার কোর্টও হতে পারে শক্তিশালী এক কূটনৈতিক মঞ্চ — যেখানে প্রতিটি সার্ভ নতুন সম্পর্ক গড়ে তোলে, আর প্রতিটি পয়েন্ট উদযাপন করে আন্তর্জাতিক বন্ধুত্ব।

১৭ই মে দিনভর চলবে এই আয়োজন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের পর বিকেলে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী দিয়ে শেষ হবে এবারের আসর।

এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক ও পূর্বানী গ্রুপ। ভেন্যু পার্টনার আইএসডি, লজিস্টিক্স পার্টনার লিংচিয়ান, ফুড পার্টনার আকবরিয়া, ক্যাফে পার্টনার পোলার, জার্সি পার্টনার অ্যাস্টার ফার্মেসি ও আইসক্রিম পার্টনার পোলার।