বিজয় ধর, রাঙামাটি
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে আজ সকাল ১১টায় “ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার” শীর্ষক এক আলোচনা সভা ইসলামিক ফাউন্ডেশন, রাঙামাটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম। প্রধান অতিথির বক্তব্যে মো: হাবীব আজম বলেন, “শ্রমিকেরা আমাদেরই ভাই, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া আমাদের ঈমানি দায়িত্ব। হাদিসে এসেছে, শ্রমিকের পারিশ্রমিক ঘাম শুকানোর আগেই পরিশোধ করতে হবে। ইসলাম শ্রমিকের সম্মান ও অধিকার নিশ্চিত করেছে।” তিনি আরো জানান, এবাদতখানার পরিবেশ উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে সহায়তা দিয়েছেন এবং ভবিষ্যতেও আলেম-ওলামাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা পরিষদের সদস্য হাবিব আজম ইসলামিক ফাউন্ডেশনের এবাদতখানায় মুসল্লিদের সুবিধার্থে ব্যক্তিগতভাবে নামাজের জন্য কার্পেট এবং সাউন্ড সিস্টেম উপহার হিসেবে প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেক্টর জামে মসজিদের ইমাম আবুল হাশেম এবং কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল আলম আল-কাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: পেয়ার আহমদ।
আলেচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, গ্রীষ্মের প্রচণ্ড গরমে মালিকদের উচিত শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল হওয়া, কাজের চাপ কমানো এবং তাদের কল্যাণ নিশ্চিত করা। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি তার কর্মচারীর কাজ সহজ করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন।”