বগুড়া-২ (শিবগঞ্জ), ২৫ এপ্রিল-২৬, শনিবার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন বরাদ্দের চিঠি প্রদান এবং প্রস্তাবিত ভবনের স্থান পরিদর্শনে গিয়ে বিদ্যালয়ের পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
শনিবার দুপুরে পরিদর্শনকালে তিনি বিদ্যালয় মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা, আবর্জনা ও পলিথিন লক্ষ্য করেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশে তাৎক্ষণিকভাবে ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, যে স্থানে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ হওয়া জরুরি। নোংরা পরিবেশ কখনোই মানসম্মত শিক্ষার সহায়ক হতে পারে না।
এ সময় তিনি উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দেন এবং দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
একই সঙ্গে প্রতিমন্ত্রী নবনির্মিত একাডেমিক ভবনের কাজ দ্রুত বাস্তবায়নসহ পরিবেশগত মান রক্ষাও সমানভাবে নিশ্চিত করার তাগিদ দেন।