• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
বিমান বাহিনীর অভ্যন্তরে ‘র’ নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনে বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে প্রতিবাদ লিপি

অদ্য ০৪ আগস্ট ২০২৫ তারিখে ‘দৈনিক আমার দেশ’ সংবাদ মাধ্যমের পত্রিকা, ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে “বিমান বাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। উক্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, বাংলাদেশ বিমান বাহিনীর ছয়জন (০৬) উচ্চপদস্থ কর্মকর্তা; এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদ-কে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। উল্লেখ্য যে, প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাগণের বিরুদ্ধে আনীত বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত চাকুরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন। উক্ত তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয় যা অনাকাঙ্ক্ষিত।

একইভাবে, প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে যে, ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি নামক দুই কর্মকর্তাকেও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাস্তবে, এই দুই কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে যার সাথে উক্ত অভিযোগের কোন সম্পর্ক নেই।

প্রতিবেদনে প্রকাশিত এ ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিজ ও পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুন্ন করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা জাতীয় স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত ।

বাংলাদেশ বিমান বাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। এ প্রেক্ষিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে বিমান বাহিনী সংক্রান্ত যে কোনো তথ্য নিশ্চিতকরণ ও প্রচারের লক্ষ্যে সর্বদা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য সকল গণমাধ্যমকে বিনীতভাবে আহ্বান জানানো যাচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930