• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণের সাথে পুলিশের মতবিনিময়

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১, ২০২৫
বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাগণের সাথে পুলিশের মতবিনিময়

পুলিশ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আজ বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবগণের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, অর্থ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়।

আইন উপদেষ্টা বলেন, পুলিশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি আরও উন্নত করার সুযোগ রয়েছে। তিনি গত ঈদুল ফিতরসহ অন্যান্য অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

গণপূর্ত উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরের পুলিশ হবে জনগণের পুলিশ। তিনি পুলিশকে ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানান।

তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, পুলিশ তখনই জনগণের পুলিশ হবে যখন পুলিশের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়বে। তিনি বলেন, পুলিশের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930