রাজধানীর বসুন্ধরা এক্সপো ভিলেজে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী
“ইন্টেরিয়র-ফার্নিচার-সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫”। ইন্টেরিয়র উপকরণ, ফার্নিচার সরঞ্জাম ও সাইনেজ প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টল নিয়ে অংশগ্রহণ করছে।
আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড এর উদ্যোগে আয়োজিত এ মেলায় এক ছাদের নিচে অনুষ্ঠিত হচ্ছে-
২য় ইন্টেক এক্সপো ২০২৫, যেখানে প্রদর্শিত হচ্ছে কিচেন সলিউশন, ইন্টেরিয়র উপকরণ, সিরামিক, লাইটিং, ফার্নিচার, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য।
২য় ফার্নিটেক এক্সপো ২০২৫, যা ফার্নিচার ফিটিংস, উড ও মেটাল টেকনোলজিকে কেন্দ্র করে আয়োজিত, পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশনস (WTS) এবং মেটাল টেক সলিউশনস (MTS)।
পাশাপাশি প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৫, যা ভিজ্যুয়াল কমিউনিকেশন ও বিজ্ঞাপন প্রযুক্তি খাতের সর্বাধুনিক সমাধান উপস্থাপন করবে।
আজ সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (IAB)-এর মাননীয় সভাপতি স্থপতি প্রফেসর ড. আবু সাঈদ এম আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IAB-এর সাধারণ সম্পাদক স্থপতি প্রফেসর ড. এম. মাসুদ উর রশিদ, এবং বসুন্ধরা কনভেনশন সেন্টার-এর চিফ অপারেটিং অফিসার মি. এম. এম. জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদর্শনীর সহযোগী সংগঠন বাংলাদেশ ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ওনার্স অ্যাসোসিয়েশন (বিডিকোয়া)-এর সভাপতি মোহাম্মদ আলী ভূঁইয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমূহ তাদের সর্বশেষ পণ্য ও প্রযুক্তি যেমন -আধুনিক কিচেন সলিউশন, ফার্নিচার, ডোর, সফটওয়্যার, হোম অটোমেশন, স্মার্ট মিরর, কার্টেন, বোর্ড, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি প্রদর্শন করছে।
ফার্নিচার শিল্পে কর্মরত উদ্যোক্তা, কারিগর, ডিজাইনার ও শিক্ষার্থীদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির আধুনিক সরঞ্জাম, টুলস এবং মেশিনারিজ প্রদর্শনের সুযোগ।