• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪
প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে রবিবার দুপুরে সরাসরি সুপ্রিম কোর্টে এসেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আজ ২ ঘটিকায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টে আসেন এবং উপস্থিত বিচারপতিদের সঙ্গে কুশল বিনিময় করেন।শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতি সৌধে যাবেন প্রধান বিচারপতি।

রবিবার বেলা ১২টা ৪৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টা, সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী ও সাংবাদিকসহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে গতকাল শনিবার (১০ আগস্ট) দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগের পর নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন। শপথের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।