গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্য নিয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুততম সময়ে এই কার্ড বিতরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ উপস্থিত থেকে নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন।
এর আগে, আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
উল্লেখ্য যে, জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের মানুষের কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দিতে ‘ফ্যামিলি কার্ড’ ব্যবস্থা প্রবর্তনের ঘোষণা দিয়েছিল বর্তমান সরকার। আজকের এই সভার মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে একধাপ অগ্রগতি সাধিত হলো।