বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ সোমবার ঢাকা আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের (এফসিডিও) ইন্দো-প্যাসিফিক বিষয়ক পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অব স্টেট সীমা মালহোত্রা। ব্রিটিশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় প্রটোকলসহ উষ্ণ অভ্যর্থনা জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সীমা মালহোত্রা এই ঐতিহাসিক মুহূর্তে ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে সশরীরে উপস্থিত থেকে নতুন সরকারের যাত্রায় শুভকামনা জানাবেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সীমা মালহোত্রার এই উপস্থিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নতুন সরকারের প্রতি বিশ্বশক্তির আস্থা ও সমর্থনের এক শক্তিশালী বার্তা বহন করে। বিশেষ করে যুক্তরাজ্যের মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগীর উচ্চপর্যায়ের অংশগ্রহণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।
“সীমা মালহোত্রার এই সফর বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করবে।”